পুবের কলম, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত গণপ্রতিবাদ কভার করার সময় সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর পুলিশি নির্যাতন ও বেআইনি আটকের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্তত ৩৮ জন সাংবাদিককে আটক, লাঠিচার্জ এবং ফোন বাজেয়াপ্ত করার ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে প্রেস ফ্রিডম ওয়াচডগ ‘এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া’ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম সুরক্ষা সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)।
আরও পড়ুন:
আদালতে সলিসিটর জেনারেলের দেওয়া আশ্বাস এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট প্রতিরক্ষামূলক নির্দেশ সত্ত্বেও পুলিশি নিগ্রহ অব্যাহত থাকায় দেশের গণতান্ত্রিক ঐতিহ্য এবং বাক্স্বাধীনতার ওপর বড়সড় আঘাত এসেছে বলে মনে করছেন প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা। এডিটরস গিল্ডের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ ও ১১ অক্টোবর বিক্ষোভ চলাকালীন দিল্লি থেকে ৩৬ জন এবং পুণে ও আমেদাবাদ থেকে ১ জন করে মোট ৩৮ জন সাংবাদিককে আটক করে পুলিশ। প্রেস আইডি কার্ড বা সরকারি পরিচয়পত্র দেখানোর পরও তাঁদের টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় এবং অনেকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
আরও পড়ুন:
সলিসিটর জেনারেল খোদ সুপ্রিম কোর্টে আশ্বাস দিয়েছিলেন যে সাংবাদিকদের কাজে কোনো বাধা দেওয়া হবে না। তা সত্ত্বেও ১১ অক্টোবরের সুপ্রিম কোর্ট নির্দেশের পরেও দিল্লিতে সাংবাদিকদের আটক প্রক্রিয়া জারি রাখে পুলিশ। আন্তর্জাতিক সংস্থা সিপিজে জানিয়েছে, অন্তত ৫ জন সাংবাদিককে পুলিশ লাঠি দিয়ে প্রহার করেছে। কয়েকজনকে মূল ঘটনাস্থল থেকে ৬৫ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। জ্যেষ্ঠ সাংবাদিক রানা আইয়ুব অভিযোগ করেছেন, তিনি সাংবাদিক জানা সত্ত্বেও পুলিশ তাঁকে লাঠি দিয়ে আঘাত করে।
‘পিক টিভি’-র প্রতিনিধি সারা খান জানান, এক পুরুষ পুলিশ আধিকারিক তাঁর গলা টিপে ধরে মহিলা পুলিশকর্মীর দিকে ঠেলে দেন।আরও পড়ুন:
এই নজিরবিহীন পুলিশি তাণ্ডবের তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বাধীন ডিজিটাল নিউজ মিডিয়াগুলির সংগঠন ‘ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশন’। তারা স্পষ্ট জানিয়েছে, আদালতের নির্দেশের পর ভূমিতে ঠিক তার উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে। অন্যদিকে, সিপিআই-এর রাজ্যসভার সাংসদ পি সন্দোশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। তিনি লেখেন, "পুলিশকে ব্যবহার করে সাংবাদিকদের তথ্যপ্রকাশে বাধা দিয়ে সরকার কোনভাবেই গণতন্ত্র রক্ষার দাবি করতে পারে না।"