পুবের কলম ওয়েব ডেস্ক: ক্যানসার রোগীদের জন্য বিরাট স্বস্তির খবর। মারণরোগের ওষুধের দাম একধাক্কায় ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে সোমবার সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার। সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে জানিয়েছেন, ক্যানসারের ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি-র ওপর ট্রেড মার্জিন ৩০ শতাংশ পর্যন্ত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে রোগীদের বার্ষিক প্রায় ২৫০০ কোটি টাকার সাশ্রয় হবে বলে অনুমান করা হচ্ছে।
বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চকে জানানো হয়েছে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) গত ৮ অক্টোবর এক বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্র শীঘ্রই এমন ক্যানসারের ওষুধের তালিকা প্রকাশ করবে যেগুলির ওপর এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। বাজার পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের চাহিদার ওপর ভিত্তি করে এই তালিকায় নিয়মিত নতুন ওষুধ যুক্ত করা হবে।
এর আগের একটি শুনানিতে সুপ্রিম কোর্ট ক্যানসারের ওষুধের আকাশছোঁয়া দাম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। আদালত প্রশ্ন তুলেছিল, যে ওষুধের দাম ২,৭০০ টাকা হওয়া উচিত, তা কী করে ২৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে! কেন্দ্রের তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে যে, কিছু হাসপাতাল উচ্চ ট্রেড মার্জিন প্রদানকারী সংস্থাগুলির কাছ থেকে ওষুধ কিনে তা রোগীদের কাছে এমআরপি-তে বিক্রি করে ১৭০ থেকে ৭০০ শতাংশ পর্যন্ত মুনাফা লুটছে। এছাড়া কিছু খুচরো বিক্রেতাও বেশি লাভের আশায় স্থানীয় ব্র্যান্ডের প্রচার করছেন। হলফনামায় কেন্দ্র জানিয়েছে, সরকার ইতিমধ্যেই এই ধরনের কার্যকলাপের তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনার পর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।