পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনেই তাঁর উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল। মঙ্গলবার সন্ধ্যায় ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে দাবি করা এক মত্ত মহিলা ছুরি হাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে তেড়ে যান। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে কালীঘাট থানার ওসির কাছে ইমেলে অভিযোগ জানিয়েছেন সাংসদ দোলা সেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় কালীঘাট মিলন সঙ্ঘের পুজোর উদ্দেশে বেরোচ্ছিলেন। সেই সময়েই ওই মহিলা মমতাকে 'পিসি' বলে সম্বোধন করে তাঁর দিকে ছুটে আসেন। দোলা সেনের অভিযোগ, ওই মহিলা মত্ত অবস্থায় ছিলেন এবং তাঁর হাতে একটি ছুরি ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা ব্যর্থ হলে ওই মহিলা রাস্তায় শুয়ে পড়ে অকথ্য গালিগালাজ করতে থাকেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অনুসূয়া সাহা। নিউ আলিপুরের বাসিন্দা ওই মহিলা আদতে একজন সিভিক ভলান্টিয়ার হলেও গত প্রায় এক বছর ধরে তিনি ডিউটিতে ছিলেন না।
এই ঘটনায় বর্তমান বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন দোলা সেন। তাঁর অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত দুই রাজ্য পুলিশকর্মীকে বিষয়টি জানানো হলেও কলকাতা পুলিশের এলাকা হওয়ায় তাঁরা কোনও পদক্ষেপ করতে অস্বীকার করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী কি চান না প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে থাকুন! অন্যদিকে, দোলার এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় পালটা তোপ দেগেছেন। তাঁর কটাক্ষ, গত পনেরো বছর রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের জমানার কথা ভুলে গিয়েছেন। তবে একইসঙ্গে তাপস রায় আশ্বস্ত করেছেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যথেষ্ট সজাগ এবং তিনি অবশ্যই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।