পুবের কলম ওয়েবডেস্ক, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাঁকে আক্রমণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে বলে দাবি তৃণমূল সাংসদ দোলা সেনের। তাঁর অভিযোগ, ছুরি হাতে এক মহিলা মমতার দিকে তেড়ে যান। ইতিমধ্যে ওই মহিলাকে আটক করা হয়েছে।

দোলার দাবি, মমতা, তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং তিনি একটি দুর্গাপুজোয় যোগ দিতে যাচ্ছিলেন।

সেই সময় তন্নিষ্ঠা সাহা নামে এক মহিলা মমতাকে ‘পিসি’ বলে সম্বোধন করে এগিয়ে আসেন। তাঁর হাতে ছুরি ছিল বলে অভিযোগ। ওই মহিলা নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দেন এবং বাড়ির সামনে গালিগালাজ করে রাস্তায় শুয়ে পড়েন বলেও দাবি দোলার। তিনি কালীঘাট থানার ওসিকে ইমেল করে বিষয়টি জানিয়েছেন।

দোলার আরও অভিযোগ, ঘটনাস্থলে থাকা দুই পুলিশকর্মী নিজেদের রাজ্য পুলিশের কর্মী বলে জানান।

অভিযুক্তকে দূরে নিয়ে গিয়ে চা খাওয়ানো হচ্ছিল বলেও দাবি করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ।

অন্যদিকে, মন্ত্রী তাপস রায় পাল্টা কটাক্ষ করে মমতার মুখ্যমন্ত্রিত্বের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। ঘটনার তদন্ত চলছে।