মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের অবকাঠামোতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ইরানের উসকানিতে হুথিরা ফের সক্রিয় হয়েছে বলে অভিযোগ ট্রাম্পের।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প দাবি করেন, নির্বাচনের আগে তেলের দাম বাড়িয়ে দেওয়াই হুথিদের লক্ষ্য।

একই সঙ্গে ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে কটাক্ষ করেন তিনি। ট্রাম্পের হুঁশিয়ারি, হুথিদের এই কর্মকাণ্ড তিনি ভুলবেন না। নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

এরই মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্ক চলছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক এপি-এনওআরসি জনমত সমীক্ষায় প্রায় ৭০ শতাংশ ভোটার ইরান যুদ্ধের বিরোধিতা করেছেন বলে উঠে এসেছে। তবে ট্রাম্প এই ধরনের সমীক্ষাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে, জন অসন্তোষকে কাজে লাগিয়ে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছে বিরোধী ডেমোক্র্যাটরা। তারা সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্পের আইন প্রণয়নের উদ্যোগ বাধার মুখে পড়তে পারে। এদিকে, ইয়েমেনের সানা ও হুদাইদাহ শহরের তেল স্থাপনায় সৌদি আরব পাল্টা হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।