বিহারের বৈশালী জেলায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাঘোপুর থানা এলাকার রামপুর শ্যামচাঁদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে প্রায় ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় নদীর প্রবল স্রোতে ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। পরে ঘটনাস্থলে পৌঁছয় রাঘোপুর থানার পুলিশ এবং এসডিআরএফের উদ্ধারকারী দল। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর বলে জানা গিয়েছে।

নদীতে তলিয়ে যাওয়া অন্যদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতদের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।