কর্মব্যস্ত জীবনে ঘুমের অভাব জাপানের মানুষের কাছে বড় সমস্যা। সেই ঘুমকেই কেন্দ্র করে এবার টোকিওতে আয়োজন করা হল ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং কার ঘুম সবচেয়ে গভীর ও প্রশান্ত—তা বিচার করেই বেছে নেওয়া হয় বিজয়ীকে। পুরস্কার হিসেবে রাখা হয় ২০ লক্ষ ইয়েনেরও বেশি, যা প্রায় ১৪ হাজার মার্কিন ডলারের সমান।

সোমবার গদি প্রস্তুতকারী একটি সংস্থার উদ্যোগে ‘ম্যাট রেস’ নামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীদের ঘুমের মান পর্যবেক্ষণের জন্য বিশেষ যন্ত্র পরিয়ে আরামদায়ক গদিতে শুতে দেওয়া হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৯০ মিনিট ঘুমানোর সুযোগ ছিল। মৃদু আলোয় সাজানো ঘরে কেউ কেউ নরম খেলনা বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েন।

প্রতিযোগিতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ক্রিয়েটিভ ডিরেক্টর রিইচিরো নাকামা বলেন, জাপানকে প্রায়ই ঘুমের অভাবে ভোগা দেশ হিসেবে বর্ণনা করা হয়। ঘুমকে কেন্দ্র করে এমন আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে ঘুম সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বাড়ানো সম্ভব।

ওইসিডির ২০২১ সালের তথ্য অনুযায়ী, জাপানের মানুষ দৈনিক গড়ে ৭ ঘণ্টা ২৪ মিনিট ঘুমান, যা সংস্থাটির সদস্য দেশগুলির মধ্যে সর্বনিম্ন। দীর্ঘ কর্মঘণ্টা, যাতায়াতে বেশি সময় ব্যয় এবং রাতের ব্যস্ত জীবনযাপনকে এর অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২ বছর বয়সি চিসাতো হোন্ডা জানান, তাঁর কাছে পুরো অভিজ্ঞতাটি ছিল আনন্দের। অন্যদিকে, বিজয়ী সুইমি পুরস্কারের অর্থ দিয়ে বাড়ি বদলের খরচ মেটানোর পাশাপাশি নিজের পছন্দের একটি ‘রাজকুমারীর মতো’ বিছানা কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন।

দ্রুত ঘুমিয়ে পড়ার ক্ষমতা এবং ঘুমের গভীরতা ও প্রশান্তি—এই দুই বিষয়ের ভিত্তিতেই প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করা হয়।