পুবের কলম ওয়েব ডেস্ক: গণতন্ত্র, সংবিধান এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে দলীয় সহযোদ্ধাদের সঙ্গে উপস্থিত থেকে সক্রিয়ভাবে সামিল হন রানিনগর বিধানসভার বিধায়ক জুলফিকার আলি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন , প্রদেশ সংরক্ষণ সভাপতি শুভঙ্কর সরকার, দীপা দাসমুন্সি সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ও কর্মীবৃন্দ।


কর্মসূচিতে অংশ নিয়ে বিধায়ক জানান যে, গণতন্ত্রের মূল শক্তি জনগণের অধিকার, সংবিধানের মর্যাদা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপরই প্রতিষ্ঠিত। এই গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকার রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন যে, সাধারণ মানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে এবং সংবিধানের আদর্শকে অক্ষুণ্ণ রাখতে তাদের এই রাজনৈতিক ও সামাজিক লড়াই আগামী দিনেও অব্যাহত থাকবে।