পুবের কলম ওয়েব ডেস্ক: ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে পুলিশের তলবে অবশেষে সাড়া দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১টায় পূর্বনির্ধারিত সময়ে এক আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন। এদিন থানার সামনে গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন করলেও, কোনও উত্তর না দিয়ে তিনি সোজা থানার ভিতরে ঢুকে যান।
এর আগে গত সোমবার সকাল ১০টায় তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু ওইদিন হাজিরা এড়িয়ে তিনি ইমেলের মাধ্যমে পুলিশের কাছে আরও ৪৮ ঘণ্টার সময় চেয়েছিলেন। এরপরই সোমবার ফের তাঁর বাড়িতে গিয়ে বুধবার সকাল ১১টায় হাজিরার নতুন নোটিস দিয়ে আসেন পুলিশ আধিকারিকরা। সেই নোটিসের ভিত্তিতেই চতুর্থীর সকালে থানায় যান সাংসদ।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে একটি বেআইনি বিলবোর্ড খুলতে যান কলকাতা পুরসভার কর্মীরা।
অভিযোগ, সেসময় পুরকর্মী ও পুলিশকে বাধা দেওয়ার পাশাপাশি মারধর করেন ওই অফিসের নিরাপত্তারক্ষীরা। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে পুরসভা। এর আগে পুরসভার দায়ের করা একটি মামলায় তাঁকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার দ্বিতীয় এফআইআরের ভিত্তিতে তাঁকে তলব করেছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ।