পুবের কলম ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ দমনে দিল্লি পুলিশের কড়া নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেছিলেন, "একটা মাছি মারতে হাতুড়ি চালাতে হয় না।" শীর্ষ আদালতের এই মন্তব্যকে কটাক্ষ করেই এবার জন্ম নিল নতুন সংগঠন ‘মাছি জনতা পার্টি’ (এমজেপি)। আরিয়ান নামে এক পড়ুয়ার হাত ধরে তৈরি হওয়া এই সংগঠনটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার এমজেপি-র তরফে দাবি করা হয়েছে, মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে তাদের অনুগামীর সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে একজন উপযুক্ত মুখপাত্রের সন্ধানে থাকা এই সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, তারা কোনও রাজনৈতিক দলের অংশ বা বিরোধী নয়।

নাগরিকদের মর্যাদা ও অধিকার রক্ষাই তাদের মূল লক্ষ্য। তরুণদের নিয়ে গঠিত এই সংগঠনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘তরুণদের দ্বারা, তরুণদের জন্য এবং তরুণদের’। একইসঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ নাগরিকদের কখনও ‘আরশোলা’ আবার কখনও ‘মাছি’ বলে কটাক্ষ করা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
সদ্য গঠিত এই সংগঠনটি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে সিজেপি এবং বাম নেত্রী নেহা বোরার আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে। সমাজমাধ্যমে নেহার সাহসের প্রশংসা করার পাশাপাশি সকলকে আইন মেনে আন্দোলন করার বার্তা দিয়েছে এমজেপি। আগামী দিনে সিজেপি-র সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও, মাছি জনতা পার্টি নিজেরা পথে নেমে কোনও বড় আন্দোলন করবে কি না, তা এখনও স্পষ্ট করেনি।