পুবের কলম, জয়পুর: জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমানে হঠাৎই হাইজ্যাক বা বিমান ছিনতাইয়ের সতর্কতা জারি হওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার সকালে বিমানটির গতিপথ পরিবর্তন করে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানটি নামার পরেই তা ঘিরে ফেলে নিশ্ছিদ্র নিরাপত্তায় তল্লাশি শুরু করেছে দেশের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা। ফ্লাইটটি নিরাপদে নামার পর সমস্ত যাত্রীদের বিমান থেকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
 
ফ্লাইট ট্র্যাকর ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২০৩০ স্থানীয় সময় অনুযায়ী গত ১৩ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটে ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
তবে বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা নাগাদ আমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল-এর কাছে মাত্র কয়েক সেকেন্ডের একটি জরুরি সংকেত বা অ্যালার্ট আসে। এই আকস্মিক সতর্কবার্তা পাওয়ার পরই বিমানটির গতিপথ পরিবর্তন করে দ্রুত জয়পুর বিমানবন্দরে নামানোর নির্দেশ দেওয়া হয়। বিমানটি সকাল ৯টা ৪৫ মিনিটে জয়পুরে অবতরণ করার পর পরই নিরাপত্তা কর্মীরা সেটিতে প্রবেশ করেন এবং পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্য বিমানটিকে একটি পৃথক ও নিরাপদ বে-তে নিয়ে যাওয়া হয়।