পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর শিল্পের নয়া দিগন্ত খুলতে চলেছে বাংলায়। চতুর্থীর দিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে একটি নতুন রাসায়নিক কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সহযোগী সংস্থা 'অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড'-এর উদ্যোগে এই ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে। এই বিশাল লগ্নির ফলে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিন সকালে হলদিয়ায় পৌঁছে কারখানার ভিতরের মন্দিরে আরতি করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে এখন শিল্পের জোয়ার এসেছে, যা কেউ আটকাতে পারবে না। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গ দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরও জানান, আগামী দিনে রাজ্যে শিল্পের আরও বিনিয়োগ হবে এবং ইতিমধ্যেই ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ পাইপলাইনে রয়েছে। এক্ষেত্রে হলদিয়া পেট্রোকেমিক্যালস পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন।
নতুন এই প্রকল্পের আওতায় ফেনল ও অ্যাসিটোন কারখানার আরও সম্প্রসারণ ঘটানো হবে। জানা গিয়েছে, এই প্ল্যান্টে বার্ষিক ৩৪৫ কিলোটন (কেটিপিএ) ফেনল এবং ২১৫ কিলোটন অ্যাসিটোন উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। হলদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ গুণমান সম্পন্ন এই রাসায়নিক দ্রব্যগুলির উৎপাদন বৃদ্ধি পেলে বিদেশি আমদানির উপর ভারতের নির্ভরতা অনেকটাই কমবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'আত্মনির্ভর ভারত' গড়ার লক্ষ্যপূরণে এই প্রকল্প বিশেষ সহায়ক হবে এবং আগামী দিনে এই কারখানাকে কেন্দ্র করে আশপাশে একাধিক অনুসারী শিল্পও গড়ে উঠবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।