পুবের কলম ওয়েব ডেস্ক: উৎসবের মুখেই চতুর্থীর দিন ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল সন্দেশখালির ন্যাজাটে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই টোটো যাত্রী, গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। মঙ্গলবার সন্দেশখালির চরবেড়িয়া বয়ারমারী এলাকায় ঘটা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে দুর্ঘটনার সময় ওই গাড়িতে প্রাক্তন বিধায়ক উপস্থিত ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, এদিন রাস্তায় একটি টোটোকে সজোরে ধাক্কা মারে সুকুমার মাহাতর গাড়িটি। ধাক্কার অভিঘাতে টোটোটি ছিটকে যায় এবং প্রাক্তন বিধায়কের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার ধারের একটি পুকুরে গিয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনাতেই দুই টোটো যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় নিজে গাড়িতে না থাকলেও খবর পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাত। তাঁর দাবি, রাস্তায় দুটি টোটোর মধ্যে রেষারেষি চলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
তাঁর গাড়ির গতি কতটা ছিল তা তিনি জানেন না। তবে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখযোগ্য যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সন্দেশখালি কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়ে তৃণমূলকে বড় ব্যবধানে জিতিয়েছিলেন সুকুমার মাহাত। কিন্তু ২০২৪ সালে সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশি তদন্ত চলাকালীন তাঁর সঙ্গে সুকুমারের ঘনিষ্ঠতার বিষয়টি সামনে আসে। এরপর ২০২৬ সালের নির্বাচনে তাঁকে আর টিকিট দেয়নি তৃণমূল। এবার সেই প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কাতেই জোড়া মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল সন্দেশখালিতে।