পুবের কলম ওয়েব ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। আদালত তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ফের দেশজুড়ে বড়সড় আন্দোলনের ডাক দিলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
বুধবার এক বিবৃতিতে অভিজিৎ দীপকে জানান, আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা হাতে এক বিরাট পদযাত্রার আয়োজন করা হয়েছে। যাঁরা দিল্লিতে উপস্থিত থাকতে পারবেন না, তাঁদের নিজেদের শহরে একইভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে দীপকে লেখেন, শুধুমাত্র তেরঙ্গা ওড়ানোর অপরাধেই তাঁদের নেতাদের জেলে পাঠানো হয়েছে। হিম্মত থাকলে প্রধানমন্ত্রী দেশে জরুরি অবস্থা জারি করুন বলেও তিনি কটাক্ষ করেন। এই প্রতিবাদের জেরে তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেও, আন্দোলন থেকে পিছু হটতে নারাজ সিজেপি নেতৃত্ব।
দিল্লি পুলিশের দাবি, সিজেপি নেতারা বিনা অনুমতিতে যন্তর মন্তরে প্রবেশ করে ১৪৪ ধারা লঙ্ঘন করেছেন। পাশাপাশি, শান্তি বজায় রাখার স্বার্থে গত শনিবার তাঁরা যে ৫০ হাজার টাকার বন্ডে সই করেছিলেন, তা ভাঙার এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। অন্যদিকে পুলিশের এই দাবি নস্যাৎ করে সিজেপির পালটা অভিযোগ, যন্তর মন্তরে জমায়েতের ডাক দেওয়ার যে কথা পুলিশ আদালতে বলছে, তা সম্পূর্ণ মিথ্যে।