পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন পুরভোটের আগে কলকাতা পুরসভা এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করল কংগ্রেস। বুধবার মমতা তৃণমূলের দুই প্রাক্তন মেয়র পারিষদ আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে যোগ দিয়েছেন। এঁরা হলেন ৬৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারজানা চৌধুরী এবং ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সঞ্চিতা মণ্ডল।
এদিন হাজি মহম্মদ মহসিন স্কোয়ারে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের দপ্তরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
মধ্য কলকাতার শিয়ালদহ থেকে বালিগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই দুই নেত্রীর যথেষ্ট রাজনৈতিক প্রভাব রয়েছে। উল্লেখ্য, ফারজানা চৌধুরী একসময় সিপিআই নেত্রী ছিলেন। ২০২০ সালের পুরভোটে তিনি বামফ্রন্টের টিকিটে জয়ী হন এবং পরে তৃণমূলে যোগ দেন। অন্যদিকে, সঞ্চিতা মণ্ডল বরো চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এই দুই হেভিওয়েট নেত্রীর যোগদানে পুরভোটের আগে কংগ্রেসের সংগঠন বেশ খানিকটা মজবুত হল বলেই মনে করা হচ্ছে।