পুবের কলম ওয়েব ডেস্ক:  প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে তাঁর উপর হামলার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ খারিজ করে দিল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট জানিয়েছেন, মমতার উপর কোনও হামলা হয়নি। ওই তরুণী মূলত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, অভিযুক্ত তরুণীর বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব পরিচিত।
গত মঙ্গলবার, তৃতীয়ায় সন্ধ্যায় কালীঘাট মিলন সংঘের পুজোর উদ্বোধনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ, সেই সময়ে অনুসূয়া সাহা নামে এক তরুণী ভাইঝি পরিচয়ে সেখানে উপস্থিত হন এবং মমতাকে ‘পিসি’ বলে সম্বোধন করে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। এমনকী, তিনি নেত্রীর শাড়ি ধরেও টান মারেন বলে অভিযোগ। যদিও উপস্থিত লোকজন দ্রুত ওই তরুণীকে আটকে মাটিতে ফেলে দেওয়ায় বড়সড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযোগ, ওই তরুণীর কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে এবং তিনি মত্ত অবস্থায় ছিলেন। পরে দোলা সেনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ আলিপুরের বাসিন্দা অনুসূয়া সাহা পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। ২০১১ সালে পশ্চিম বন্দর থানা থেকে তাঁর কর্মজীবন শুরু হলেও গত প্রায় এক বছর ধরে তিনি ডিউটিতে যাননি বা বেপাত্তা ছিলেন। পুলিশ কমিশনার অজয় নন্দা তরুণীর কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে নিলেও হামলার অভিযোগ একেবারেই মানতে নারাজ। তাঁর দাবি, পুলিশের কাছে হামলার মতো কোনও নির্দিষ্ট তথ্য নেই। পুরো ঘটনাটি নিছকই দেখা করতে আসার জের বলে দাবি করেছে পুলিশ।