পুবের কলম, নতুন দিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটি উল্লেখ করেন ওয়েইসির আইনজীবী নিজামুদ্দিন পাশা। এসআইআর সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে এই আবেদনেরও শুনানি করার আর্জি জানান তিনি। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ওই মামলাগুলি শুনানির জন্য নির্ধারিত রয়েছে।
ওয়েইসির আবেদনে নির্বাচন কমিশনের এসআইআর পরিচালনার পদ্ধতিকে চ্যালেঞ্জ করা হয়েছে।
এসআইআর প্রক্রিয়া এবং তার জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী নেতারাও এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের আবেদনে এসআইআর পরিচালনার পদ্ধতি এবং ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কথিত অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
নির্বাচন কমিশনের এই সংশোধন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজ্যে বিতর্ক তৈরি হয়েছে। ভোটার তালিকা যাচাই, প্রয়োজনীয় নথি এবং নাম বাদ দেওয়ার পদ্ধতি নিয়ে একাধিক আবেদন আদালতে বিচারাধীন। ওয়েইসির মামলাটিও সেই আইনি চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত হতে চলেছে। তবে ওয়েইসির আবেদনের গ্রহণযোগ্যতা বা এসআইআর প্রক্রিয়ার বৈধতা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের শুনানিতে বিষয়টি নিয়ে আদালত কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।