পুজোর আগে রাজ্যে ৪৫ হাজার ১৮৫টি সরকারি শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, স্কুলশিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পুলিশ-সহ একাধিক দপ্তরে এই নিয়োগ করা হবে। তাঁর দাবি, মন্ত্রিসভা নিয়োগে অনুমোদন দিয়েছে এবং দ্রুত নিয়ম মেনে প্রক্রিয়া শুরু হবে।

ঘোষণা অনুযায়ী, স্কুলশিক্ষা দপ্তরে ৩৩ হাজার ১৯৯টি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ৭ হাজার ১১৯টি এবং টেকনিক্যাল এডুকেশন দপ্তরে ১ হাজার ৮৮৬টি পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পুলিশ বিভাগে ডেপুটি কমিশনার, সাব-ইনস্পেক্টর ও মহিলা কনস্টেবল-সহ ৯৪৬টি পদে নিয়োগ করা হবে।

বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ থাকা ২১টি চা বাগানের ১৯ হাজার ৫২৪ জন শ্রমিককে পরিবারপিছু ৩৫ কেজি চালের পাশাপাশি অতিরিক্ত ৫০ কেজি চাল ও এককালীন ৫ হাজার টাকা দেওয়া হবে। দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে।

এদিকে, এ বছর দুর্গাপুজোর অনুমতির জন্য নতুন করে আবেদন করা আরও ৮০০টি পুজোকে অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই পুজো কমিটিগুলিকেও এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের কর্মজীবন ও উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করে মন্ত্রিসভায় প্রস্তাব পাশের কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।