শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে জার্মানি। বুধবার দেশটির মন্ত্রিসভা শিশু ও কিশোরদের সুরক্ষায় নতুন নীতিমালা অনুমোদন করেছে। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন নিয়ম কার্যকর না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ চালুর পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ১৩ বছরের কম বয়সীরা টিকটক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না।

১৩ থেকে ১৮ বছর বয়সীদের জন্যও বয়স অনুযায়ী আলাদা বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে।

সরকার ২০২৭ সাল থেকে নির্ভরযোগ্য বয়স যাচাইয়ের ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ অনলাইনে আটকে রাখতে উৎসাহিত করে এমন ফিচার ও অ্যালগরিদমভিত্তিক সুপারিশ ব্যবস্থার ওপরও নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা রয়েছে।

জার্মানির পরিবারবিষয়ক মন্ত্রী কারিন প্রিন জানিয়েছেন, শিশুদের ডিজিটাল জগৎ থেকে দূরে রাখা নয়, বরং অনলাইনে নিরাপদে চলার দক্ষতা তৈরি করাই সরকারের লক্ষ্য।