সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ইরানের ২৩ বছর বয়সী তরুণী নাজমিহ আমিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্য একটি অভিযোগে তাঁকে ১২ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের বাসিন্দা নাজমিহ বর্তমানে ভাকিলাবাদ কারাগারে বন্দি রয়েছেন। তাঁকে ৩১ জানুয়ারি নাকি ৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল, তা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, খোরাসান রাজাভি প্রদেশের অপরাধ আদালতের ষষ্ঠ শাখায় তাঁর বিচার হয়। আদালতে নাজমিহ দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেননি। তবে আদালত তাঁর বক্তব্য গ্রহণ করেননি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাজমিহ আদালতে জানান, বন্ধুদের সঙ্গে এক ধরনের মাদক সেবনের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্য করেছিলেন। অন্যদিকে, তাঁর আইনজীবীদের দাবি, কথাগুলি ইচ্ছাকৃতভাবে বলা হয়নি। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাঁর।