পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ে আয়োজিত ‘ককরোচ’ বিক্ষোভে যোগ দিয়ে চরম বিপাকে পড়লেন বলিউড অভিনেতা ইমরান খান। গত ১০ অক্টোবর ওই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে তাঁকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। কড়া ওই নোটিসে আগামী ২৮ অক্টোবরের মধ্যে অভিনেতাকে দেশ ছাড়তে বলা হয়েছে।
জানা গিয়েছে, মুম্বইয়ের ক্রান্তি ময়দানে আয়োজিত ওই বিক্ষোভে ইমরান খানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সঙ্গী অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং তুতো বোন জায়েন মেরি খানও।
অভিনেতার বিরুদ্ধে পুলিশের এই কড়া নোটিসের মূল কারণ হিসেবে উঠে এসেছে তাঁর নাগরিকত্ব ইস্যু। সূত্রের খবর, ইমরান খান আদতে মার্কিন নাগরিক এবং তিনি একজন অনাবাসী ভারতীয় বা ওসিআই কার্ড হোল্ডার। অভিযোগ, ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও তিনি রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন, যা অভিবাসন আইনের পরিপন্থী। নাগরিকত্ব আইনের ৭-বি ধারা অনুযায়ী, দেশের সাধারণ নাগরিকদের মতো অনাবাসী কার্ডধারীরা সমস্ত অধিকার দাবি করতে পারেন না। সেই আইনের জেরেই অভিনেতাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।