আমেরিকার ইলিনয় প্রদেশে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। তদন্তকারীদের দাবি, মন্দিরে এলোপাথাড়ি গুলি চালিয়ে গণহত্যার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ব্যর্থ হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাপোরাকিস একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
তাঁর এক সহকর্মীর কাছে আট পাতার একটি নথি এবং আগ্নেয়াস্ত্রের ছবি পাঠানো হয়েছিল। নথিতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও নব্য-নাৎসি মতাদর্শের পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত, ইহুদি ও আফ্রিকান-আমেরিকানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছিল বলে তদন্তকারীদের দাবি। সন্দেহ হওয়ায় ওই সহকর্মী পুলিশকে খবর দেন।আরও পড়ুন:
এরপর পালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশের তদন্তে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ম্যাগাজিন, কয়েকশো গুলি, বডি আর্মার-সহ কৌশলগত সুরক্ষার পোশাক এবং চরমপন্থী মতাদর্শের সঙ্গে সম্পর্কিত কিছু প্রতীক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
প্রসিকিউটরদের দাবি, সম্ভাব্য হামলার দিন বন্দুক আটকে যাওয়ার কথা এক সহকর্মীকে ফোন করে জানিয়েছিলেন পাপোরাকিস। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনও একটি মন্দিরে হামলার চেষ্টার অভিযোগ তুলেছে। তবে কোন মন্দিরকে নিশানা করা হয়েছিল এবং অভিযুক্ত সত্যিই সেখানে পৌঁছেছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন:
১৪ অক্টোবর অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারপ্রক্রিয়া চলাকালীন তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। শিকাগো এলাকার হিন্দু উপাসনালয়গুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। তদন্তকারীরা হামলার সম্ভাব্য উদ্দেশ্য ও পরিকল্পনার অন্যান্য দিক খতিয়ে দেখছেন।