পুবের কলম ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের লালবাগে এক পুজো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার লালবাগের বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করতে এসে তিনি জানান, সীমান্ত এলাকায় গরু পাচার এবং মাদকের কারবার এখন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে স্থানীয় বাসিন্দাদের একগুচ্ছ উপহার দেন তিনি।
উদ্বোধনী মঞ্চ থেকেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে এলাকার পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
এলাকার নিরাপত্তা ও উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদকে সম্পূর্ণ নেশামুক্ত করতে হবে। সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ চলছে এবং বিএসএফ ও রাজ্য পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে। ফলে জেলায় কোনও অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। সীমান্তবর্তী এই অঞ্চলে অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুললে পর্যটনের বড় সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া নাবালিকা বিবাহ একটি দণ্ডনীয় অপরাধ মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের কাছে সচেতন হওয়ার এবং বাল্যবিবাহ বন্ধ করার আবেদন জানান।