পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের সিওনী জেলা হাসপাতালের বিশেষ সদ্যজাত যত্ন ইউনিট বা এসএনসিইউ-তে গত ৬ মাসে অন্তত ৮০ জন নবজাতক শিশুর মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্বয়ং স্থানীয় বিজেপি বিধায়ক হাসপাতালে রাতের বেলা চিকিৎসকদের অনুপস্থিতি ও অবহেলার অভিযোগ তুলে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপরিণত বয়সে জন্ম, জন্মের সময় অতিরিক্ত কম ওজন এবং প্রত্যন্ত গ্রাম থেকে আশঙ্কাজনক অবস্থায় আনা শিশুদের জটিলতার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার সিওনীর স্থানীয় বিজেপি বিধায়ক দীনেশ রাই ‘মুনমুন’ প্রকাশ্যে হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন যে, রাতে হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকেন না। সংকটজনক অবস্থায় আসা শিশুদের সঠিক সময়ে চিকিৎসা না মেলাতেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। বিধায়ক অবিলম্বে এই মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান।
জেলা হাসপাতালের সিভিল সার্জন ডঃ বিনোদ কুমার নবকর জানান, এসএনসিইউ ইউনিটে মূলত জেলার প্রত্যন্ত ও গ্রাম্য অঞ্চল থেকে অত্যন্ত সংকটজনক শিশুদের রেফার করে আনা হয়। বহু শিশু ৬, ৭ বা ৮ মাসে জন্মগ্রহণ করায় তাদের শারীরিক জটিলতা অত্যন্ত বেশি থাকে এবং তাদের জন্য বিশেষ নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হয়।
সরকারি হাসপাতালে মাত্র ছয় মাসে ৮০ জন নবজাতকের মৃত্যু মধ্যপ্রদেশের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর কঙ্কালসার চেহারাকে আবার সামনে এনে দিয়েছে। সরকারি হাসপাতালের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। বিজেপি বিধায়কের নিজস্ব সরকারের অধীনস্থ স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে এই সরব ভূমিকা রাজ্য সরকারের ওপর প্রশাসনিক চাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।