পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের ভোজপুর জেলার আরা শহরে দুষ্কৃতীদের নজিরবিহীন তাণ্ডব। প্রাক্তন কাস্টমস আধিকারিককে তাঁরই বাড়ির সামনে, সন্তানের চোখের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঝাঁঝরা করে দিল একদল সশস্ত্র দুষ্কৃতী। প্রাতঃভ্রমণে বেরোনোর মুখে প্রবীণ ওই আধিকারিককে লক্ষ্য করে অন্তত ৮ রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন:
মৃত ব্যক্তির নাম রাম কুমার সিং (৬৭)। তিনি কাস্টমস বিভাগের সহকারী কমিশনার পদ থেকে ২০১৫ সালে অবসর গ্রহণ করেছিলেন।
প্রকাশ্য দিবালোকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো আরা শহরজুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে ছেলে রাজেশ কুমারের সঙ্গে বাড়ির পাশের মাঠে প্রাতঃভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রাম কুমার সিং। ছেলে তখন গ্যারেজের সামনে গাড়ির ভেতরে বসেছিলেন। রাম কুমার সিং বাড়ির মূল গেটে তালা লাগাতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই আচমকা পেছন থেকে এসে ৩ জন সশস্ত্র দুষ্কৃতী তাঁকে ঘিরে ফেলে এবং লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
আরও পড়ুন:
বাবার রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়তে দেখে চিৎকার করে ওঠেন ছেলে রাজেশ।
দুষ্কৃতীরা তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় রাম কুমার সিংকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।আরও পড়ুন:
নিহতের স্ত্রী সুশালী দেবী এবং ছেলে রাজেশ কুমার অভিযোগ করেন, জমি বিবাদের জেরে বেশ কিছুদিন ধরেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল এবং এর আগেও তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছিল। পুলিশ জানিয়েছে, জমি বিবাদের পাশাপাশি অন্য কোনো অর্থনৈতিক বা পুরোনো শত্রুতার কোণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে স্থানীয় গোয়েন্দা ও সোর্স নেটওয়ার্ক সক্রিয় করা হয়েছে।