দুর্গাপুজো ঘিরে উৎসবের আবহ বাংলাদেশজুড়ে। আজ মহাষষ্ঠী। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির। নতুন রঙে সেজেছে মন্দির চত্বর, প্রায় শেষ মণ্ডপসজ্জার কাজ।

আয়োজকদের দাবি, এ বছর পুজোর বাজেট প্রায় দেড় কোটি টাকা। পুজো দেখতে মন্দিরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসার কথা।

ঢাকেশ্বরী মন্দিরের পাশাপাশি পুরান ঢাকার শাঁখারি বাজার ও তাঁতিবাজারেও চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। আলোর সাজ, প্রতিমা তৈরি এবং পুজোর কেনাকাটায় জমজমাট বাজার এলাকা।

মন্দির চত্বরে কাজ করছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। সব মিলিয়ে পুজোর আয়োজনে সম্প্রীতি ও ঐক্যের ছবিও উঠে আসছে।

রাজধানীর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাতেও অভিনব প্রতিমা ও মণ্ডপসজ্জা নজর কাড়ছে। সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দেড় লক্ষেরও বেশি দেশলাই কাঠি এবং রেশমি সুতা দিয়ে তৈরি হয়েছে দুর্গার পোশাক ও অলংকার।

গত বছর সেখানে চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগও নজর কেড়েছিল।

শরীয়তপুরের নড়িয়ায় এক মণ ডাল দিয়ে প্রতিমা তৈরির কাজ হয়েছে। নাটোরের হরিশপুরের শ্রীধরপুর ঘোষপাড়ায় সাবুদানা দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা। অন্যদিকে, নড়িয়ার ভোজেশ্বরের ঘোষপাড়ায় সোনালি ধান দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।

বরিশাল-সহ বিভিন্ন শহরও আলোর মালায় সেজে উঠেছে। কলকাতার মতো বড় আকারে থিমপুজোর চল না থাকলেও বাংলাদেশের নানা প্রান্তে অভিনব উপকরণে প্রতিমা তৈরির উদ্যোগ উৎসবকে অন্য মাত্রা দিয়েছে। সব মিলিয়ে দুর্গাপুজোকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশের মণ্ডপগুলি।