পুবের কলম, ওয়েবডেস্ক: অচেনা বা অজানা নম্বর থেকে আসা ফোনে বিভ্রান্ত ও অতিষ্ঠ গ্রাহকদের জন্য বড় সুখবর। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ভারতে মোবাইল পরিষেবা ব্যবহারকারীদের জন্য ‘কলার নেম ডিসপ্লে’ ব্যবস্থা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র সরকার। নয়া এই ব্যবস্থার অধীনে এবার থেকে ফোন কল এলে স্ক্রিনে কেবল ফোন নম্বরই ফুটে উঠবে না, তার সাথে কলারের আসল নামও স্পষ্টভাবে দেখা যাবে।
আরও পড়ুন:
টেলিযোগাযোগ বিভাগ ইতিমধ্যেই সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ প্রযুক্তি চালু করার নির্দেশ দিয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে টেলিকম সংস্থাগুলির কাছে সিম কার্ড কেনার সময় গ্রাহকের জমা দেওয়া আসল পরিচয়পত্র বা নাম অনুযায়ী কলারকে শনাক্ত করা সম্ভব হবে। টেলিযোগাযোগ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ৪জি এবং ৫জি-সহ সমস্ত নতুন নেটওয়ার্কে গ্রাহকদের জন্য এই পরিষেবাটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। পরবর্তীতে ২জি, ৩জি এবং ল্যান্ডলাইন সংযোগের জন্য এই ব্যবস্থা কীভাবে প্রযোজ্য হবে, তা আলাদাভাবে পর্যালোচনা করা হবে।আরও পড়ুন:
কোনো ব্যক্তির নম্বর আগে থেকেই আপনার ফোনে সেভ করা থাকলে, প্রথমে নম্বর এবং তার সাথে আপনার সেভ করা নামটিই স্ক্রিনে ভেসে উঠবে।
নম্বরটি যদি আপনার ফোনে সেভ করা না থাকে, তবে যে টেলিকম অপারেটরের সংযোগ থেকে ফোনটি আসছে, তাদের ডাটাবেসে নিবন্ধিত নাম অনুসারে নাম ফুটে উঠবে। বিদেশ থেকে কোনো কল এলে মোবাইল স্ক্রিনে সুনির্দিষ্টভাবে লেখা থাকবে “International Call”।আরও পড়ুন:
এই নতুন নিয়ম চালু করার লক্ষ্যে প্রতিটি টেলিকম সংস্থাকে তাদের গ্রাহকদের নাম ও মোবাইল নম্বর যুক্ত একটি সুরক্ষিত সেন্ট্রাল ডাটাবেস তৈরি ও পরিচালনা করতে হবে। যখনই কোনো কল অন্য গ্রাহকের কাছে যাবে, তখন রিসিভ করা টেলিকম অপারেটর মূল ডাটাবেস থেকে নামটি টেনে নিয়ে গ্রাহকের স্ক্রিনে প্রদর্শন করবে। প্রতারণামূলক কল, ভুয়া পরিচয় দিয়ে সাইবার জালিয়াতি এবং অনাকাঙ্ক্ষিত স্প্যাম কলের দৌরাত্ম্য কমাতে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।