পুবের কলম ওয়েব ডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন তুমুল বিতর্ক চলছে, তখন নতুন একটি উদ্যোগের ঘোষণা করল নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ ছিল, এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। এই সমালোচনার মাঝেই কমিশন জানিয়েছে, বাংলা, বিহার-সহ ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে ‘স্পেশাল সামারি রিভিশন’ বা এসএসআর শুরু হবে।
কমিশনের তরফে বৃহস্পতিবার জানানো হয়, এই নতুন সমীক্ষার মূল উদ্দেশ্য হল নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা এবং এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত যোগ্য ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের পুনরায় ভোটার তালিকায় ফিরিয়ে আনা।

কমিশনের আধিকারিকরা নিজেরাই উদ্যোগী হয়ে এই কাজ করবেন। জানা গিয়েছে, বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ও বাদ পড়া ভোটারদের খুঁজে বের করে ‘ফর্ম-৬’ পূরণ করাবেন। এছাড়াও বুথ লেভেল এজেন্টরা (বিএলএ) দিনে সর্বোচ্চ ১০টি করে ফর্ম বিএলও-র কাছে জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার যোগ্যতা অর্জন করবেন, তাঁরাও এই এসএসআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার পাবেন।
আগামী ১২ নভেম্বর এই প্রক্রিয়ার খসড়া তালিকা এবং ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে কমিশন জানিয়েছে। যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই এসআইআর সম্পন্ন হয়েছে, সেখানে নতুন করে এই অভিযান চলবে। পাশাপাশি, যে রাজ্যগুলিতে এসআইআর এখনও চলছে, সেখানেও পরবর্তীতে এই সমীক্ষা হবে বলে জানানো হয়েছে। তবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং লাদাখের মতো পার্বত্য অঞ্চলে আবহাওয়ার কথা বিবেচনা করে পরে দিনক্ষণ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, দেশজুড়ে ২০টি রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ যাওয়া এবং ফর্মে নিয়ম বদল নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল, যা কেন্দ্র করে বর্তমানে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে বাদ পড়া ভোটারদের নাম তালিকায় ফেরাতে কমিশনের এই নতুন উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ।