ওয়াহিদ রেজা: মুর্শিদাবাদ জেলায় ভূমি ও রাজস্ব প্রশাসনে বড়সড় রদবদল ঘটানো হলো। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জেলার বিভিন্ন ব্লকে কর্মরত মোট ৬০ জন রাজস্ব আধিকারিককে (রেভিনিউ অফিসার) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এই নির্দেশিকা জারি করেছেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শ্রী আদিত্য বিক্রম মোহনকুমার হিরানি (আইএএস)। নির্দেশিকায় জানানো হয়েছে, জনস্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে আগামী ২৭ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা ভূমি ও রাজস্ব দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে কর্মরত কিছু আধিকারিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা পড়ছিল। পাশাপাশি, বহু আধিকারিক একই ব্লকে টানা তিন-চার বছর এবং কেউ কেউ সর্বোচ্চ আট বছর পর্যন্ত বহাল তবিয়তে দায়িত্ব সামলাচ্ছিলেন। ফলে প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতি বজায় রাখতে এই ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ভূমি রাজস্ব আধিকারিক কল্যাণ সমিতি। সমিতির রাজ্য সভাপতি অনির্বাণ মজুমদার অতিরিক্ত জেলাশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, এই রদবদলের ফলে দপ্তরের কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের কাছে ভূমি দপ্তরের পরিষেবা আরও সহজে পৌঁছে যাবে এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে বলে তিনি আশাপ্রকাশ করেন।