পুবের কলম ওয়েব ডেস্ক: মুম্বইয়ে দীর্ঘ চিকিৎসার পর গত সেপ্টেম্বরে মুর্শিদাবাদের বেলডাঙায় নিজের বাড়িতে ফিরেছিল ‘জলমানব’ খ্যাত কিশোর ইকবাল। কিন্তু এক মাস কাটতে না কাটতেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছে সে। গত কয়েকদিনে তার ওজন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। হাঁটাচলার ক্ষমতা প্রায় হারিয়ে ১৭ বছরের ওই কিশোর বর্তমানে পুরোপুরি শয্যাশায়ী।
এই পরিস্থিতিতে চরম আতঙ্কে দিন কাটছে ইকবালের ও তার পরিবারের।কয়েক মাস আগে সমাজমাধ্যমে ইকবালের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছিল, শরীরের অসহ্য জ্বালাপোড়া কমাতে সে সারাদিন গলা পর্যন্ত জলে ডুবে থাকছে। এক বিরল ও জটিল রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসতেই তার চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন শিল্পপতি অনন্ত আম্বানি। আকাশপথে ইকবালকে মুম্বই নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা করানো হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সে বেলডাঙার বাড়িতে ফিরে আসে।
তবে বাড়ি ফেরার কয়েকদিনের মধ্যেই কিশোরের শারীরিক অবস্থার ফের অবনতি হতে শুরু করে। জানা গিয়েছে, বর্তমানে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে তার ওজন কমানোর চিকিৎসা চলছে। কিন্তু ওজন কমার বদলে উলটে তা দ্রুতগতিতে বেড়ে চলেছে। এর পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে শুরু হয়েছে তীব্র ব্যথা। ইকবালের কথায়, "রোগা হওয়ার জন্য চিকিৎসা চললেও আমি ক্রমশ মোটা হয়ে যাচ্ছি। সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। যে হারে ওজন আর ব্যথা বাড়ছে, তাতে মনে হচ্ছে আমি আর বেশিদিন বাঁচব না।" আগের মতো জলে ডুবে থাকার ভয় না থাকলেও, বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে এই কিশোর।