পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি। আর তার ঠিক আগের দিন, বৃহস্পতিবার নেহা বোরা ও অভিজিৎ দীপকের যুগ্ম সাংবাদিক সম্মেলনে চরম বিশৃঙ্খলা দেখা গেল। তাঁদের কথা শুরুর আগেই জনতার মধ্যে থেকে আচমকা ‘বন্ধ করো, দফা হো যাও’ স্লোগান ওঠে। পরিস্থিতি সামাল দিতে নেহা ম্যানেজমেন্টকে ওই বিশৃঙ্খলাকারীদের বাইরে বের করে দেওয়ার অনুরোধ করেন।
অন্যদিকে, দীপকে উপস্থিত বাকিদের ওই চিৎকার উপেক্ষা করার পরামর্শ দেন।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে দিল্লি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, গত ১০-১৫ দিন ধরে দিল্লিতে যে সমস্ত শিক্ষার্থী ও তরুণরা বিক্ষোভ দেখাচ্ছেন, কর্তৃপক্ষ তাঁদের টেনেহিঁচড়ে সরিয়ে দিচ্ছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং পিনারাই বিজয়নের মতো যে শীর্ষ বিরোধী নেতারা এই বিক্ষোভে শামিল হয়েছিলেন, তাঁদেরও আটক করা হয়েছে। দীপকের দাবি, শুধুমাত্র মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল করতেই প্রশাসন এই সমস্ত পদক্ষেপ করছে।
গত ১০ অক্টোবর প্রতিবাদের ডাক দেওয়ার পর কেন রাজধানীর রেল ও মেট্রো পরিষেবা এবং বেশ কয়েকটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল, সাংবাদিক বৈঠকে তা নিয়েও প্রশ্ন তোলেন সিজেপি নেতা। দিল্লিতে কেন জম্মু ও কাশ্মীর থেকে বাড়তি বাহিনী মোতায়েন করা হল, তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন। অন্যদিকে, এই আন্দোলন কভার করতে গিয়ে যে সমস্ত সাংবাদিকরা পুলিশি হয়রানি বা আটকের শিকার হয়েছেন, তাঁদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছেন আইসা কর্মী নেহা বোরা।