পুবের কলম ওয়েব ডেস্ক: উৎসবের আগে শহরের রাস্তাগুলিকে সাজিয়ে তুলতে উড়ালপুলগুলিতে নতুন রং করা হয়েছিল। আর তার পরই বৃষ্টিভেজা চিংড়িহাটা উড়ালপুলে পরপর কয়েকটি বাইক পিছলে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। তবে রাস্তার রঙের কারণে এই দুর্ঘটনাগুলি ঘটেছে বলে মানতে নারাজ কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। তাঁর দাবি, রিল বা ভিডিও বানাতে গিয়েই এই দুর্ঘটনাগুলি ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার পর বিতর্কের মুখে রাতারাতি চিংড়িহাটা ব্রিজের উপর থেকে রং তুলে স্পিড নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্লক ও ক্যাটস আই বসানো হয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, উড়ালপুলের ওই জায়গায় একটি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। দ্রুত গতিতে গাড়ি চললে এই ধরনের বাঁকে গাড়ি স্কিড করার সম্ভাবনা থাকে। সেই কারণেই গতি কমানোর ব্যবস্থা করা হয়েছে। তবে রঙের কারণে দুর্ঘটনা ঘটেছে, এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, "ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ওখানে অ্যান্টি-স্কিড পেইন্ট লাগানো হয়েছিল। তাই রঙের জন্যই বাইকগুলি স্কিড করেছে, তা নিশ্চিতভাবে বলা যায় না।"
তবে দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে বৃষ্টি হলে চিংড়িহাটা ফ্লাইওভারে বাইক ও সাইকেল চলাচল বন্ধ রাখা হতে পারে বলে কমিশনার জানিয়েছেন। অন্যদিকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। যদি রঙের কারণে চালকদের চোখ ধাঁধিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকে, তবে অবশ্যই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।