পুবের কলম, নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ও রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক হামলার জেরে ভারত ও সৌদি আরবের মধ্যকার বিমান চলাচলে অচলাবস্থা অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাতিলের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে দেশটির অন্যতম প্রধান বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এবং আকাসা এয়ার। গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে সংঘটিত হামলায় ৭ জন ভারতীয় নাগরিক আহত হওয়ার পর থেকেই প্যানিক ও কড়াকড়ি দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার এক ট্রাভেল অ্যাডভাইজরিতে ইন্ডিগো জানিয়েছে, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং মদিনা রুটের সমস্ত ফ্লাইট আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল রাখা হয়েছে। অন্যদিকে আকাসা এয়ারও রিয়াদের ফ্লাইট ২৪ অক্টোবর এবং জেদ্দার ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন:
সৌদি আরবের ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় মোট ৭ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। বর্তমানে রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট অপারেশন পুরোপুরি স্থগিত রয়েছে। তবে দাম্মাম, জেদ্দা এবং মদিনা বিমানবন্দরে বিমান চলাচল চালু থাকলেও সেখানে মারাত্মক বিঘ্ন ঘটছে। সৌদিয়া এবং ফ্লাইনাস সীমিত পরিসরে কিছু ফ্লাইট পরিচালনা করছে। ওমরাহ তীর্থযাত্রীসহ সৌদি আরবে আটকে পড়া ভারতীয়দের সহায়তায় জেদ্দা ও মক্কায় বিশেষ টিম কাজ করছে। জরুরি প্রয়োজনে ভারতগামী নাগরিকদের বাহরাইন, কুয়েত বা কাতারের মতো প্রতিবেশী দেশগুলির বিমান ব্যবহারের পরামর্শ দিয়েছে দূতাবাস।