পুবের কলম ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি হিন্দু মন্দিরে ভয়াবহ বন্দুক হামলার ছক বানচাল করল পুলিশ। রবিবার অরোরার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে এক ১৯ বছর বয়সি তরুণ গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার বন্দুকটি বিকল হয়ে যাওয়ায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পান পুণ্যার্থীরা। এই ঘটনার পর শিকাগোর কাছে প্যালাটাইন থেকে অভিযুক্ত ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। এই হামলার চক্রান্ত সামনে আসার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক মার্কিন আইনপ্রণেতা এবং বিভিন্ন সংগঠন।

তাঁদের মতে, আমেরিকায় ভারত-বিরোধী বিদ্বেষ ক্রমশ হিংসায় পরিণত হচ্ছে।

গত ১৪ অক্টোবর অভিযুক্ত তরুণকে আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। সঠিক সময়ে পদক্ষেপ করে এই হামলার চক্রান্ত ভেস্তে দেওয়ার জন্য পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন সেনেটর চাক শুমার, জন করনিন এবং জ্যাকি রোজেন। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সেনেটর চাক শুমার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আমেরিকায় ভারত-বিরোধী এবং হিন্দু-বিরোধী বিদ্বেষ এখন আশঙ্কাজনক স্তরে পৌঁছেছে।

আর সেই ঘৃণাই এখন হিংসায় রূপ নিচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, আমেরিকায় জাতি বা ধর্ম নির্বিশেষে ধর্মান্ধতা ও বিদ্বেষের কোনও স্থান নেই।
এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে 'কংগ্রেসনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাস' (ক্যাপাক) এবং অলাভজনক সংস্থা এডিএল। আইনপ্রণেতা সুহাস সুব্রহ্মণ্যম, গ্রেস মেং এবং জুডি চু-এর স্বাক্ষর করা ক্যাপাক-এর একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনা আমেরিকার বুকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী আদর্শের চরম বিপদকে প্রকাশ্যে এনেছে। সংস্থাটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, গত দুই বছরে শুধুমাত্র সমাজমাধ্যম এক্স-এ দক্ষিণ এশিয়া-বিরোধী বিদ্বেষমূলক মন্তব্য ২৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর নেপথ্যে রয়েছেন বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব, যাঁরা বর্ণবাদী মন্তব্যকে উৎসাহ দিচ্ছেন। অন্যদিকে, পাকিস্তানি-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, হামলার ছক কষা ওই মন্দিরে ঘটনার সময় সপরিবারে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি।

ভারতীয় আমেরিকানদের উপর এমন হামলার কড়া সমালোচনা করেছেন টম সুওজি, গ্রেগ স্ট্যান্টন, বিল ফস্টার এবং জোনাথন জ্যাকসনের মতো অন্যান্য মার্কিন আইনপ্রণেতারা। গ্রেগ স্ট্যান্টন এই ঘটনাকে ভারতীয় আমেরিকানদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ঘৃণার নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। নেভাদার সেনেটর জ্যাকি রোজেন জানান, এই ঘৃণ্য ষড়যন্ত্র সারা দেশের হিন্দু সম্প্রদায়কে নাড়িয়ে দিয়েছে। ইলিনয়ের কংগ্রেসম্যান জোনাথন জ্যাকসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হিংসার কড়া নিন্দা করার আহ্বান জানিয়েছেন। বিভেদমূলক মন্তব্য থেকে সরে এসে দেশকে ঐক্যবদ্ধ করার বার্তাও দিয়েছেন এই আইনপ্রণেতারা।