পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল অন্ধ্রপ্রদেশ। যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে পাথরবোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে রায়াভরম গ্রাম-এর কাছে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাস ও ট্রাক—দুটিতেই সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
এতে অনেক যাত্রী আগুনে পুড়ে মারা যান।আরও পড়ুন:
জানা গেছে, তেলঙ্গানা-র নির্মল থেকে নেল্লোর যাচ্ছিল হরিকৃষ্ণ ট্রাভেলসের বাসটি। পথে একটি বাঁকের কাছে দ্রুতগতির ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা।
আরও পড়ুন:
দুর্ঘটনার সময় বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সামনের দিকে বসে থাকা কয়েকজন যাত্রী দ্রুত বেরিয়ে আসতে পারলেও, অনেকেই আগুনে আটকা পড়ে যান।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।আরও পড়ুন:
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয় বিধায়কও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।