পুবের কলম ওয়েব ডেস্ক: বাড়িতে হামলার ঘটনার পর এবার সরাসরি ফোনে খুনের হুমকি পেলেন বর্ষীয়ান আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। অভিযোগ, ফোনে তাঁকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর প্রয়াত মা সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এই ঘটনার পিছনে হিন্দু মৌলবাদীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন বিকাশরঞ্জনবাবু।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকাল ১০টা ৪৭ মিনিটে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে।
উল্লেখ্য, সম্প্রতি বিকাশরঞ্জন ভট্টাচার্যের যাদবপুরের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল। সেই সময়ও তিনি সমাজমাধ্যমে সরাসরি ‘হিন্দুত্ববাদী’দের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এর জেরে তাঁর বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের হয় এবং খোদ মুখ্যমন্ত্রী তাঁকে পোস্ট থেকে ওই শব্দ মুছে ফেলার নির্দেশ দিয়ে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছিলেন। কিন্তু বিকাশরঞ্জনবাবু নিজের অবস্থানে অনড় থেকে পোস্ট মুছতে অস্বীকার করেন। এদিনের ফোনে হুমকির ঘটনায় ফের তাঁর মুখে ‘হিন্দু মৌলবাদী’ শব্দ শোনা যাওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।