পুবের কলম, নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ও ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির জেরে সৌদি আরবের একাধিক গন্তব্যে বিমান পরিষেবা স্থগিত রাখার মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিল ভারতের অন্যতম প্রধান দুই বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ এবং ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’। শুক্রবার এক্স-এ সতর্কবার্তা জারি করে বিমান সংস্থা দুটির তরফে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রিয়াদ, জেদ্দা এবং দাম্মামের মতো প্রধান প্রধান শহরের ফ্লাইট পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
আরও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রিয়াদ, দাম্মাম ও জেদ্দা থেকে আসা এবং যাওয়ার সমস্ত ফ্লাইট আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাতিল রাখা হয়েছে।" সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই তাঁদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধা দেওয়া হচ্ছে। একইভাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও জেদ্দা, রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট ২০ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে। প্রভাবিত যাত্রীরা বিনামূল্যে ভ্রমণের নতুন সময়সূচি নির্বাচন করতে পারবেন অথবা সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন।আরও পড়ুন:
শুধু এয়ার ইন্ডিয়াই নয়, আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের অন্যান্য বেসরকারি বিমান সংস্থাও সৌদি আরবে তাদের ফ্লাইট চলাচলে কাটছাঁট করেছে। বিমান সংস্থাগুলি জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক কড়া নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিমান চলাচলের দিনক্ষণ ঘোষণা করা হবে।