পুবের কলম ওয়েব ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে শুক্রবার বিকেলে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কিন্তু সেই কর্মসূচি শুরুর আগেই সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার সকালে দীপকের বাড়িতে পুলিশি হানা হয়। প্রথমে তাঁকে কর্মসূচিতে যোগ দিতে বারণ করে একটি নোটিস ধরানো হয় এবং পরে তাঁকে আটক করা হয়।
এদিন প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ সোফায় বসে থাকা দীপকের কাঁধে রয়েছে জাতীয় পতাকা এবং তাঁর সঙ্গে পুলিশের বচসা চলছে। পুলিশকর্মীকে প্রশ্ন করে তিনি জানতে চান, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে। পুলিশের দেওয়া নোটিসে উল্লেখ ছিল যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষকে উসকানি দিচ্ছেন তিনি, যা সম্পূর্ণ বেআইনি। এই অভিযোগকে আজগুবি আখ্যা দিয়ে সিজেপি প্রতিষ্ঠাতা ক্ষোভের সঙ্গে পুলিশকে জানান, এসব না করে তাঁকে যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে জেলে পাঠানোর প্রতিবাদেই শুক্রবার এই ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। আগে থেকেই এই আন্দোলন ঘিরে নিজের আটকের পাশাপাশি গোয়েন্দা নজরদারির আশঙ্কা প্রকাশ করেছিলেন দীপকে। এই কর্মসূচির জেরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। আগে থেকেই শহরজুড়ে ২৬ হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল, শুক্রবার পরিস্থিতি মোকাবিলায় নতুন করে আরও ৬ হাজার বাড়তি বাহিনী নামানো হয়েছে।