পুবের কলম ওয়েব ডেস্ক: শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার কতটা নিরাপদ? এই প্রশ্নে এবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ইন্দোরের একটি স্কুল এই মামলা দায়ের করে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট বয়সসীমা বেঁধে দেওয়ার আর্জি জানিয়েছে। শুক্রবার, প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই আবেদনের ভিত্তিতে কেন্দ্র সরকারের জবাব তলব করেছে। আগামী ৭ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

ইন্দোরের 'দ্য এমেরাল্ড হাইটস ইন্টারন্যাশনাল স্কুল' এবং ওই স্কুলের ডিরেক্টর সিদ্ধার্থ সিং এই মামলাটি দায়ের করেন। পিটিশনে কেন্দ্র সরকার, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, আইন ও বিচার মন্ত্রক এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনকে শিশুদের সুরক্ষায় একটি উপযুক্ত নির্দেশিকা তৈরির নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আবেদনে দাবি করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে শিশুরা সাইবার বুলিং বা যৌন শোষণের শিকার হতে পারে। পাশাপাশি, তাদের বয়সের পক্ষে অনুপযুক্ত কনটেন্টের মুখোমুখি হওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। শুধু তাই নয়, মাত্রাতিরিক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের জেরে শিশুদের মধ্যে হতাশা, উদ্বেগ, অপর্যাপ্ত ঘুম এবং হীনমন্যতার মতো একাধিক মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বলেও পিটিশনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, সোশ্যাল মিডিয়ার ডিজাইন ও অ্যালগরিদম এমনভাবে তৈরি করা হয় যা শিশুদের এগুলো ব্যবহারে আরও বেশি আসক্ত করে তোলে।

এই আবেদনকারীদের মতে, এই ধরনের সমস্যাগুলি অনেক সময়ই সহজে নজরে আসে না। তাই শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতিশ্রুতি বা পেরেন্টাল কন্ট্রোল দিয়ে এই সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয়। এই বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশিকার প্রয়োজন, যাতে নির্দিষ্ট বয়সের নীচের শিশুদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করা থেকে নিষিদ্ধ করা যায় এবং বয়সভিত্তিক বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব হয়।
এই পিটিশনে আরও দাবি করা হয়েছে যে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই ব্যর্থতা তাদের মৌলিক অধিকার, যেমন সাম্যের অধিকার, জীবনের অধিকার ও শিক্ষার অধিকার লঙ্ঘন করছে।