পুবের কলম, ওয়েবডেস্ক: চারিদিকে জল থই থই। এই চিত্র ধরা পড়েছে দিল্লির প্রগতি ময়দানে জি-২০ ভারত মণ্ডপম সেন্টারের প্রবেশ দ্বারের সামনেই। সোশ্যাল মিডিয়ায় জল জমার এই দৃশ্য ভাইরাল হয়েছে। এই চিত্র সামনে আসতেই মোদি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে আক্রমণ করেছে বিরোধী দলগুলি। কংগ্রেসের তরফে তির্যক ভাষায় আক্রমণ করে বলা হয়েছে, কেন্দ্র সরকারের ফাঁপা উন্নয়নের দাবির আসল রূপ দেখিয়ে দিল একদিনের বৃষ্টি। কংগ্রেস তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ট্যুইটে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারের সামনে জল যন্ত্রণার একটি ভিডিয়ো পোস্ট করেছে।
কংগ্রেস ট্যুইটে লিখেছে, কেন্দ্রের ফাঁপা উন্নয়ন মডেল সবার চোখের সামনে উন্মোচিত। জি-২০-র জন্য ভারত মণ্ডপম প্রস্তুত করতে মোট ২৭০০ কোটি খরচ পড়েছে। কিন্তু একদিনের বৃষ্টিই উন্নয়ন কি রকম হয়েছে তা দেখিয়ে দিল'।
কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালাও সরকারকে কটাক্ষ করে বলেছেন, তিনহাজার কোটি খরচ করে নির্মিত ভারত মণ্ডপম সামান্য বৃষ্টিতেই ভেসে যেতে দেখা গেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, যেন বেশি বৃষ্টি না হয়, যাতে জি-২০ সম্মেলন নিরাপদে সম্পন্ন হয়। মোদি সরকার গরিবদের পর্দায় ঢেকে দিয়েছে, কিন্ত কোনও ধরনের প্রদর্শনী তার অপকর্ম ঢাকতে পারেনি। যাইহোক মোদি সরকারের অনুষ্ঠান ও উদ্বোধনের পরে কোনও কিছুই স্থায়ী হয় না।' ভারতীয় যুব কংগ্রেস (আইওয়াইসি) প্রধান শ্রীনিবাস বিভি সরকারকে খোঁচা দিয়ে বলেন, 'কোটি কোটি টাকা ব্যয়ে জি-২০ সদস্যদের সম্মেলন করার জন্য নির্মিত 'ভারত মণ্ডপম'-এর ছবি। উন্নয়ন সাঁতার কাটছে।
রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেও উন্নয়ন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন। সাকেত ট্যুইটে লিখেছেন, 'একজন সাংবাদিকের এই ভিডিও অনুসারে, বৃষ্টির কারণে আজ জি-২০ শীর্ষ সম্মেলনের সম্মেলন প্লাবিত হয়েছে। ৪ হাজার কোটি টাকা খরচ করার পর এই হল পরিকাঠামোর অবস্থা। জি-২০ তহবিলের এই ৪ হাজার কোটি টাকার কতটা আত্মসাৎ করেছে মোদি সরকার'?
পিআইবি ফ্যাক্ট চেকিং এক্স হ্যান্ডেলে 'জি-২০ সম্মেলনে প্রবেশদ্বারের সামনে জলজমার একটি ভিডিয়ো পোস্ট করেছে। পিআইবি দাবি করেছে, এই ধরনের মন্তব্যগুলি অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর। সারারাতের বৃষ্টির পরে সামান্য জল জমেছিল। দ্রুত সেই জল নিষ্কাশন করা হয়। সম্মেলন চলাকালীন কোনও জল জমা থাকতে দেখা যায়নি'।