পুবের কলম ওয়েব ডেস্ক: এতদিন ধরে দেশের জনগণনার কাজ করতেন মূলত সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা। বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের দায়িত্ব থাকত তাঁদের কাঁধেই। কিন্তু এবার সেই নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্রীয় সরকার। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে জনগণনার কাজে বেসরকারি স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরও ব্যবহার করা যাবে।

১৯৯০ সালের জনগণনার নিয়মে স্পষ্ট উল্লেখ ছিল যে, শুধুমাত্র সরকারি শিক্ষক, করণিক বা আধিকারিকরাই এই কাজ করতে পারবেন।

সেই নিয়মের পরিধি বৃদ্ধি করেই এই সংশোধিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে, এখন থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি সংস্থা, ব্যাঙ্ক, প্রতিষ্ঠান, সমিতি বা ট্রাস্টের শিক্ষকদেরও জনগণনার কাজে নিয়োগ করতে পারবে।
উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি স্কুলের শিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ করার বিষয়টিকে চ্যালেঞ্জ করে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে একটি মামলা দায়ের হয়।

 আবেদনকারীর বক্তব্য ছিল, ১৯৪৮ সালের জনগণনা আইন অনুযায়ী বেসরকারি শিক্ষকদের এই কাজে লাগানোর কোনও আইনি অধিকার সরকারের নেই। এর পরিপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর হরিয়ানা সরকারের দু’টি বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করে আদালত। হাই কোর্টের সেই নির্দেশের আবহেই এবার পুরনো নিয়ম সংশোধন করে সরাসরি নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।