যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস, রাস্তায় নেমে উদযাপনে মেতেছে ইরানীরা
আরও পড়ুন:
দীর্ঘ উৎকণ্ঠা ও উত্তেজনার পর অবশেষে স্বস্তির বার্তা পেল মধ্যপ্রাচ্য। শর্তসাপেক্ষে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন:
তাঁর মতে, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে, যখন ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদভাবে খুলে দেবে।
যুদ্ধবিরতির ঘোষণার পরই ইরানের রাজধানী তেহরান-সহ বিভিন্ন শহরে দেখা যায় উচ্ছ্বাসের ছবি। সাধারণ মানুষ রাস্তায় নেমে উদযাপনে মেতে ওঠেন। হাতে জাতীয় পতাকা, স্লোগানে মুখর জনতা— স্বস্তির আবহ ছড়িয়ে পড়ে সর্বত্র। অনেককে দেশের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র ছবি হাতে নিয়েও দেখা যায়।
এই সমঝোতার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান প্রণালি খুলতে সম্মত হওয়ায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
এদিকে, সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বিশ্ববাজারে— তেলের দাম কিছুটা কমেছে।
আরও পড়ুন:
তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক নয়। এই ১৪ দিনের সময়সীমার মধ্যেই কূটনৈতিক সমাধান সম্ভব কি না, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।