পুবের কলম ওয়েব ডেস্ক:.শুক্রবার গভীর রাতে গুজরাটের ভারুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় রিয়্যাক্টর ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। এই মর্মান্তিক বিস্ফোরণে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকেও এর জোরালো আওয়াজ শোনা গিয়েছে।
পুলিশ ও কারখানা সূত্রের খবর, ঘটনার সময় ওই রাসায়নিক কারখানায় হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলছিল। সেই সময়েই ১৫ কিলোলিটার ক্ষমতার একটি রিয়্যাক্টরে আচমকা এই বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। আহত শ্রমিকদের উদ্ধার করে ভারুচ এবং ভদোদরার হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ মৃতদেহগুলিও উদ্ধার করেছে। মৃতদের মধ্যে জয়দীপ প্যাটেল (২৭), অনিকেতকুমার হরিকিশোর (২৪), অর্জুন রামসিংহ (২০), গৌতম তালাভিয়া এবং বৃন্দ তালাভিয়াকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ভারুচের মহকুমা শাসক মনীষা মানানি ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, হাইড্রোজিনেশন প্রক্রিয়ার সময়েই এই দুর্ঘটনা ঘটে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।