পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের লাগাতার প্রচারের পালটা জবাব দিতে এবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। জানা গিয়েছে, দুর্গাপুজো ও দশেরা উৎসব শেষ হলেই এই বিষয়ে সারা দেশজুড়ে পালটা প্রচারাভিযান শুরু করবে পদ্ম শিবির। দশেরার পর সমস্ত রাজ্যের দলীয় সভাপতিদের নিয়ে দিল্লিতে একটি বিশেষ বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, সেখানেই এই আন্দোলনের বিস্তারিত রূপরেখা স্থির করা হবে।
সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস, বামপন্থী ছাত্র-যুব সংগঠন এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) মতো বিরোধী দলগুলি।

দেশের বিভিন্ন প্রান্তে তাঁরা বিক্ষোভ ও আন্দোলন চালাচ্ছেন। বিরোধীদের এই একতরফা প্রচারের পালটা হিসেবেই এবার আসরে নামছে বিজেপি। দলের লক্ষ্য, দেশজুড়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ‘আসল সত্য’ তুলে ধরা।
বিজেপির এই সর্বাত্মক প্রচারাভিযান শুরু হবে বিজয়া দশমীর পর থেকে।
প্রতিটি রাজ্যের ব্লক, জেলা ও শহরাঞ্চলে পৃথকভাবে প্রচার চালানো হবে। নিচুতলায় সাধারণ মানুষের কাছে পৌঁছতে একেবারে ব্লক স্তর থেকে পথসভা ও মিছিলের আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে খবর। এই পালটা প্রচারাভিযানে সংশ্লিষ্ট রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতারাও সক্রিয়ভাবে অংশ নেবেন। দিল্লির বৈঠকে বিভিন্ন রাজ্যের সংগঠনে গুরুত্বপূর্ণ পদে থাকা নেতৃত্বকেও ডাকতে পারেন কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ।