পুবের কলম, ওয়েবডেস্ক: রাজধানীর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে প্রস্তাবিত ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের ঠিক আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) সক্রিয় রাজনৈতিক কর্মী ও যুব নেতা অভিজিৎ দিপকে-কে আটক করল দিল্লি পুলিশ। শুক্রবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পাওয়ার মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসস্থান থেকে বের হওয়ার মুহূর্তেই তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
 
দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, কনট প্লেস এলাকায় বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষার ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি থাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্রতিরোধমূলক আটক হিসেবে অভিজিৎকে হেফাজতে নেওয়া হয়েছে।
 
অভিজিৎ দিপকে-কে আটকের পর পরই দিল্লি পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলের অভিযোগ, আটকের পর যুব নেতাকে কোনো অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁকে আইনজীবীদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না।


 
সামাজিক মাধ্যম এক্স-এ কড়া বিবৃতি জারি করে সিজেপি পুলিশ ও মোদী প্রশাসনকে প্রশ্ন করে, “দিল্লি পুলিশ অভিজিৎ দিপকে-কে এক অজানা স্থানে নিয়ে গেছে। আমরা তাঁর সঙ্গে যোগাযোগের সমস্ত সুযোগ হারিয়েছি। তাঁকে আইনজীবীদের সাথেও কথা বলতে দেওয়া হচ্ছে না। কেন্দ্র সরকার কেন এ দেশের তরুণ সমাজকে সন্ত্রাসবাদীদের মতো দেখে? আমরা ভারতের সমান অধিকারসম্পন্ন নাগরিক এবং সংবিধান প্রদত্ত সমস্ত সুরক্ষা ও অধিকার পাওয়ার যোগ্য!
দিল্লি পুলিশ কোথায় নিয়ে যাওয়া হয়েছে অভিজিৎকে? আপনাদের জবাব দিতেই হবে। অভিজিৎ শুধু হাতে তেরঙ্গা নিয়ে ঘর থেকে বেরোচ্ছিল! জাতীয় পতাকা হাতে হাঁটা কীভাবে অপরাধ হতে পারে?” এদিকে দিল্লি পুলিশের অভ্যন্তরীণ সূত্রে অবশ্য পরে নিশ্চিত করা হয়েছে, আটক করার পর অভিজিৎকে দিল্লির জাফরপুর কালান পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।