পুবের কলম ওয়েব ডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার শীর্ষ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দু'বছরেরও বেশি সময় ধরে সন্দীপ ঘোষ জেলবন্দি রয়েছেন। অথচ এই মামলায় ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাতজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বিচারপ্রক্রিয়ার এই ধীর গতির বিষয়টি মাথায় রেখেই প্রাক্তন অধ্যক্ষের জামিন মঞ্জুর করা হয়েছে বলে আদালত জানিয়েছে।

এর আগে কলকাতা হাই কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল।
এই জামিনের খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিহত তরুণী অভয়ার বাবা শেখর দেবনাথ। তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্ষুব্ধ পিতা বলেন, যে সংস্থা কাজ করলে টাকা পায় আর না করলে ঘুষ পায়, তাদের নিয়ে তিনি কিছু বলতে চান না। তদন্তকারী আধিকারিক মনীষ উপাধ্যায়কে ফোন করা হলে তিনি শুধু জানিয়েছেন যে এতে সময় লাগবে।
শেখরবাবুর আক্ষেপ, দেশের ১৪৭ কোটি মানুষ যে তদন্তকারী সংস্থার উপর ভরসা করে, তাদের এমন গাফিলতি কিছুতেই মেনে নেওয়া যায় না।
বর্তমানে রাজ্যে বিজেপি সরকার এবং অভয়ার মা রত্না দেবনাথ রাজ্যের শাসক দলেরই বিধায়ক। এই প্রসঙ্গে শেখর দেবনাথ স্পষ্ট জানান, সিবিআই একটি স্বাধীন তদন্তকারী সংস্থা। তাই এই গাফিলতির জন্য সরকার দায়ী নয়, বরং সংস্থাকেই এর জবাব দিতে হবে। দুর্নীতি মামলায় জামিন পেলেও, ধর্ষণ ও খুনের মামলাতেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জোরাল দাবি জানিয়েছেন তিনি।
পাশাপাশি, বিচার না পেলে আগামী দিনে ফের বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন অভয়ার বাবা।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আর জি করে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। ঘটনার পর তিনি ইস্তফা দিলেও প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের সঙ্গে তাঁকেও গ্রেপ্তার করেছিল সিবিআই। এরপর তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলাও দায়ের হয়। সেই মামলাতেই এবার জামিন পেলেন তিনি।