পুবের কলম ওয়েব ডেস্ক: হরমুজ প্রণালীতে একটি নৌ-মাইনে ধাক্কা লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটল একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে। শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর তরফে এই খবর জানানো হয়েছে। আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পেরনোর সময় ওই সুপারট্যাঙ্কারটিতে ২০ লক্ষ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল মজুত ছিল। মাইনে ধাক্কা লাগার পরপরই তাতে ভয়াবহ আগুন ধরে যায়।
আইআরজিসি এই জাহাজটিকে একটি ‘বেআইনি’ ট্যাঙ্কার বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ট্যাঙ্কারটির নেভিগেশন এবং রেডার ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। মার্কিন সেনার সাহায্য নিয়ে ওই জলপথ দিয়ে পণ্য পরিবহণের চেষ্টা করা হচ্ছিল বলেও ইরানের তরফে অভিযোগ তোলা হয়েছে। তবে ওই বিবৃতিতে জাহাজটির নাম, মালিকানা বা সেটি কোন দেশের পতাকাবাহী ছিল, তা স্পষ্টভাবে জানানো হয়নি। পাশাপাশি, এই ঘটনায় কোনও হতাহতের খবর বা জাহাজটির ঠিক কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়েও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহণের অন্যতম প্রধান পথ এই হরমুজ প্রণালী। এই জলপথে স্বাধীনভাবে জাহাজ চলাচল নিয়ে বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের হামলার পর থেকে এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তারই মধ্যে এবার এই সুপারট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ওই এলাকায় নতুন করে উদ্বেগ বাড়াল।