পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনী তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে এবার সরাসরি কেন্দ্রকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার গোয়ার মারগাওতে কংগ্রেস আয়োজিত ‘গোয় রাখোন যাত্রা’য় অংশ নিয়ে ২ কিলোমিটার পদযাত্রা করেন তিনি। পদযাত্রা শেষে মারগাও ক্রিকেট ক্লাব ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় দাঁড়িয়ে রাহুল অভিযোগ করেন, ‘ভোট চুরি’র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একদিন আইনি বিচার ও জবাবদিহির মুখোমুখি হতে হবে। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় বলেন, "গোটা দেশ জানে যে সিইসি জ্ঞানেশ কুমার 'ভোট চুরি' বাস্তবায়ন করছেন এবং অমিত শাহ ও প্রধানমন্ত্রী মোদী তাঁর পেছনে থেকে এই পরিকল্পনা চালনা করছেন।

যা অন্যায় তাঁরা করেছেন, তার মূল্য তাঁদের চুকাতেই হবে।"

কংগ্রেসকে দেশের সংবিধানের প্রধান অভিভাবক হিসেবে উল্লেখ করে লোকসভার বিরোধী দলনেতা বলেন, দিল্লিতে বসে থাকা নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা এখন আর শান্তিতে ঘুমাতে পারছেন না। রাহুল গান্ধী বলেন, "দিল্লিতে জ্ঞানেশ কুমার নামে এক ব্যক্তি রয়েছেন, যিনি রাতে ঘুমাতে পারছেন না। মোদীজি বা অমিত শাহও পারছেন না।

তাঁরা ভালো করেই জানেন যে আজ হোক বা কাল, কংগ্রেস পার্টি তাঁদের জবাবদিহি নিশ্চিত করবে এবং দেশের মানুষকে বিচার এনে দেবে। আমরা সংবিধানের রক্ষক; এটি আমাদের পবিত্র দায়িত্ব। ভোট চুরি করে তারা মূলত সংবিধানের ওপর এবং আমাদের পবিত্র কর্তব্যের ওপর আক্রমণ চালিয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।"

গোয়ার প্রশাসনিক স্তরে চরম দুর্নীতি চলছে দাবি করে তিনি বলেন, "এখানে দুর্নীতির মাত্রা চরম সীমায় পৌঁছেছে। বস্তুত, গোয়া হয়তো এই মুহূর্তে গোটা দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য। এই লোকগুলো সুন্দর গোয়াকে দুর্নীতির এক 'মডেল'-এ পরিণত করেছে।"