পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপির প্রবীণ নেতা দুষ্মন্ত কুমার গৌতমকে সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে সিকিমে। ২০২২ সালের বহুল আলোচিত অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় অভিযুক্ত কথিত ‘ভিআইপি’ সংযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র যেন তাঁর এই নিয়োগ স্থগিত রাখে, এই দাবিতে গ্যাংটকের জেলা প্রশাসনিক কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষ। আগামী ১৯ অক্টোবর নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

প্রাক্তন বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে রাজ্যপাল পদে আসীন না হওয়ার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা সাফ জানিয়েছেন, যতদিন না তিনি নির্দোষ প্রমাণিত হন, ততদিন এই নিয়োগ স্থগিত রাখা উচিত।

উল্লেখ্য, ২০২২ সালে উত্তরাখণ্ডের পৌরী গাড়ওয়াল জেলার ভানন্ত্রা রিসর্টের ১৯ বছর বয়সি রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারীকে খুন করা হয়। ২০২৩ সালের মে মাসে আদালতের রায়ে রিসর্টের মালিক পুলকিত আর্য এবং তাঁর দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলার চার্জশিটে কোনো নাম না থাকলেও মৃতার বাবা-মায়ের দাবি, এই ঘটনার নেপথ্যে থাকা মূল ‘ভিআইপি’ ব্যক্তিটি হলেন দুষ্মন্ত কুমার গৌতম। যদিও এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে গত জানুয়ারি মাসে সিবিআই এই মামলার ‘ভিআইপি’ যোগের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করেছে। এর মধ্যেই গত ১২ অক্টোবর রাষ্ট্রপতি ভবন থেকে দেশজুড়ে রাজ্যপাল রদবদলের অংশ হিসেবে গৌতমের নাম ঘোষণা করা হয়।

এই বিক্ষোভের অন্যতম সংগঠক অঞ্জলি জানিয়েছেন, এটি সম্পূর্ণ একটি নাগরিক নেতৃত্বাধীন আন্দোলন, যেখানে কোনো রাজনৈতিক দল সরাসরি যুক্ত নেই। তিনি বলেন, "উনি শপথ নিলেই যে আমাদের কণ্ঠস্বর থেমে যাবে, তা নয়। আমরা আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে চালিয়ে যাব।"

আরেক বিক্ষোভকারী সি এল ছেত্রী জানিয়েছেন, গৌতমের রাজ্যপাল হওয়া নিয়ে তাঁদের ব্যক্তিগত কোনো আপত্তি নেই, কিন্তু যতদিন না সিবিআই তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণিত হচ্ছে কিংবা তিনি ক্লিনচিট পাচ্ছেন, ততদিন তাঁকে এই সাংবিধানিক পদে বসানো উচিত নয়।