পুবের কলম, ওয়েবডেস্ক: পতি-পত্নীর বিবাদ এবার রাজপথ থেকে সোজা পৌঁছাল থানার দোরগোড়ায়। উত্তরাখণ্ডের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী রেখা আরিয়ার করা অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী গিরধারী লাল সাহুর বিরুদ্ধে খুনের চক্রান্ত, জাতিবিদ্বেষমূলক হেনস্থা, জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করেছে রাজ্য পুলিশ। শুক্রবার দেহরাদুন পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টে স্ত্রীর বিরুদ্ধে ২১০ কোটি টাকার বিপুল অবৈধ সম্পত্তি ও লাগামহীন প্রশাসনিক দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্বামী গিরধারী লাল সাহু।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে আলমোড়ার সোমেশ্বর কেন্দ্রের বিধায়ক রেখা আরিয়া দাবি করেছেন যে, গিরধারী লাল সাহু তাঁর প্রথম বিয়ের তথ্য গোপন করে প্রতারণা করেছিলেন। এছাড়া অন্য এক নারীর সাথে সম্পর্ক রেখে গিরধারী এবং ওই নারী মিলে রেখা আরিয়াকে মেরে ফেলার চক্রান্ত কষছিলেন। শুধু তাই নয়, মন্ত্রীর অজান্তে ও অনুমতি ছাড়া তাঁর জাল সই করে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগও এনেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বিবৃতি জারি করার পাশাপাশি দুটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেছেন মন্ত্রী।

অভিযোগে উল্লেখিত অপরাধের সময়কাল ২০০৪ সালের ৬ জুলাই থেকে ২০২৬ সালের ১৫ অক্টোবর পর্যন্ত।

রেখা আরিয়ার সমস্ত দাবি নস্যাৎ করে দিয়ে গিরধারী লাল সাহু অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী প্রকাশিত অডিয়ো ক্লিপগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ফাইল। পাল্টা আক্রমণ শেনে উত্তরপ্রদেশের বেরেলির বাসিন্দা গিরধারী বলেন, "বিগত ১০ বছর ধরে আমি ওঁর দপ্তরের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছিলাম। আমি একাধিকবার বলেছি যে এত টাকার প্রয়োজন নেই, দপ্তরে ব্যাপক দুর্নীতি হচ্ছে। কিন্তু উনি কোনোদিন আমার কথায় কান দেননি।"